
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
সৎসঙ্গের প্রাণপুরুষ ইষ্টআচার্য্য গুরুপুরুষোত্তম পরমপ্রেমময় ভগবান শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণে জয়পুরহাটের পাঁচবিবিতে মহাউৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পাঁচবিবি (সুলতানপুর) শাখার আয়োজনে সুলতানপুর আশ্রমে এ ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবু নির্মল কুমার।
রাতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ভক্ত-অনুসারীরা তাকে ফুল ছিটিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, “শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র মানবতার যে বাণী প্রচার করে গেছেন, তা আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন এবং সৎ পথে চলার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করি। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া। আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে মানুষের কল্যাণে কাজ করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক গুলশানআরা গ্যালিন, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক বাবু সুনীল রায়, পাঁচবিবি বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী, সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা এবং সৎসঙ্গের অসংখ্য ভক্ত-অনুসারী।