
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ বিক্রিকে কেন্দ্র করে মাসুম ফকির নামে এক মাছ ব্যবসায়ীকে মারপিট করে আহত এবং তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় কুসুম্বা ইউনিয়নের আবেদ আলীর মোড়ে মাছ বিক্রির সময় মাছ দিতে না পারাকে কেন্দ্র করে নাজেমুদ্দিন প্রধানের সঙ্গে মাসুমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজেমুদ্দিনের নির্দেশে রুবেল প্রধান ও সুমন প্রধান তাকে ধরে মাটিতে ফেলে দেন এবং আনিছুর ফকির লাঠি দিয়ে মারধর করেন।
এ সময় মাসুমের কাছে থাকা ব্যবসার ২০ হাজার টাকা ও পুকুর লিজের বায়নার ১ লাখ টাকা নিয়ে যায়। তাকে রক্ষা করতে এগিয়ে আসা সানোয়ার হোসেনকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় তিনি নিরাপত্তা ও টাকা উদ্ধারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।