
ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন উচাই বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, উপজেলা বন কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির আঙিনা এবং রাস্তার দু’পাশে বেশি বেশি গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।