
ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুর এলাকায় একসময় পরিত্যক্ত হিসেবে ফেলে দেওয়া কলাগাছ এখন হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত। যে কলাগাছ আগে কোনো কাজে লাগত না, সেই কলা গাছ থেকেই এখন তৈরি হচ্ছে ঝুড়ি,ডালা সহ হস্তশিল্পের বিভিন্ন ধরনের জিনিসপত্র । আর সেই পরিবেশ বান্ধব পণ্য রপ্তানি হচ্ছে আমেরিকা, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে।
স্থানীয়ভাবে ব্যাপক কলা চাষ হওয়ায় ফল সংগ্রহের পর বিপুল পরিমাণ কলাগাছ নষ্ট হয়ে যেত। তবে সেই পরিত্যক্ত কলাগাছ সংগ্রহ করে এর বাকল প্রক্রিয়াজাত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা মো. রিয়াছাদ রেজভী। পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে শুরু করা এই উদ্যোগ ইতোমধ্যে এলাকায় তৈরি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ। কলাগাছের বাকল আলাদা করে বিশেষ প্রক্রিয়ায় শুকানো হয়। পরে এসব শুকনো বাকল ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের হস্তশিল্প ও রপ্তানিযোগ্য পণ্য তৈরিতে। বিদেশে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় এ শিল্পও ধীরে ধীরে প্রসার পাচ্ছে।