
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় লাখ টাকার অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল ইসলাম (২৩) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (১৯)।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কচুগাড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় রামভদ্রপুর স্কুল থেকে কয়া-চৌমুহনী বাজারগামী পাকা সড়কে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, এসআই মো. আসাদুজ্জামান আসাদ, এসআই মো. শরিফুল ইসলাম, এএসআই মো. দুলাল হোসেন ও এএসআই মো. হুমায়নসহ সঙ্গীয় ফোর্স কচুগাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।