
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ঘোড়দাপা গ্রামে জমি-জমার বিরোধে বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। প্রতিকারের আশায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়দাপা গ্রামের সাইদার মন্ডলের স্ত্রী তারা বেগম সাথে প্রতিবেশী রায়হানের স্ত্রী নাসরিন বেগম, মৃত আমের আলীর ছেলে ইসমাইল, মৃত মঞ্জিল উদ্দিনের ছেলে মোতালেব এবং তার ছেলে রনির সাথে জমি-জমার বিরোধ ছিল। বিষয়টি সমাধানে আগেও গ্রাম্য সালিশ ও থানায় অভিযোগ দেওয়া হয়েছিল।
গত ১৪’ই সেপ্টেম্বর আবারও দেশীয় অস্ত্র লাঠি-সোটা, হাসুয়া, রামদাসহ বিবাদীরা বাড়িতে প্রবেশ করে হামলা করে স্বর্ণের চেইন, নাকফুল ও তোষকের নিচ থেকে নগদ ৩’লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তারা বেগম থানা পুলিশের নিকট সুষ্ঠু বিচার চায়।
এ ঘটনায় জামান ও রনি বলেন, আমরা তাদের মারধর করিনি স্বর্ণালংকার ও টাকাও লুট করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, বিষয়টি সমাধানে বৈঠকে বসা হয়েছিল উভয় পক্ষই উত্তেজনা সৃষ্টি করে চলে যায়।
এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।