
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আবারও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির ওজন ৮৫ কেজি এবং আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকার ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদীর মাঝ থেকে মূর্তিটির খণ্ডিত অংশ উদ্ধার করেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় পাঁচবিবি থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত বিষ্ণুমূর্তিটির ওজন ৮৫ কেজি। এর আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরে উদ্ধার করা মূর্তিটি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছ থেকে সনদ সংগ্রহের প্রক্রিয়া শেষে জাদুঘরে জমা দেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলাও করা হয়েছে।