
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
দেশের পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সব সময় অবদান রেখেই চলেছে। এই ধারাবাহিকতায় কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।
এ-সময় সোনাদিয়া দ্বীপে প্যারাবনের গভীরে স্থাপিত একটি অবৈধ দেশীয় মদ তৈরির কারখানা এবং মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। এছাড়াও, সোনাদিয়া দ্বীপে বন বিভাগের জমি দখল করে গড়ে তোলা অবৈধ চিংড়ি ও কাঁকড়ার ঘের এবং তিনটি অবৈধ স্থাপনা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে নৌবাহিনীর পাশাপাশি বন বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।
স্থানীয় সাদেক হোসাইন বলেন, নৌবাহিনী ও বন বিভাগের এই যৌথ অভিযান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। সোনাদিয়া দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় নৌবাহিনীর এই অবদান আমাদেরকে আশাবাদী করে তোলে যে, প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষায় রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সদা প্রস্তুত। এমন অভিযান আরও নিয়মিতভাবে পরিচালিত হোক—এই প্রত্যাশা করি।