
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
নান্দাইল ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও স্বনির্ভর জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৭ দফা উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকারনামা ব্যক্ত করেছেন নিভিয়াঘাটা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও সমাজসেবক মাওলানা নুরুল আমিন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি তার এই রূপরেখা তুলে ধরেন।
মাওলানা নুরুল আমিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নান্দাইল উপজেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোটারদের সামনে কোনো গতানুগতিক রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং হৃদয়ের গভীর থেকে নান্দাইলকে বদলে দেওয়ার একটি ‘অঙ্গীকারনামা’ নিয়ে এসেছেন বলে জানান তিনি।
তার ৭ দফা অঙ্গীকারসমূহ হলো:
১। উন্নত যোগাযোগ ব্যবস্থা: প্রতিটি পাড়া-মহল্লার রাস্তা পাকাকরণ ও সংস্কারের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।
২। মানসম্মত শিক্ষা ও যুব উন্নয়ন: শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা।
৩। কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান: আধুনিক চাষাবাদ পদ্ধতি, সরকারি কৃষি ঋণ নিশ্চিতকরণ এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের নতুন উদ্যোগ গ্রহণ করা।
৪। স্বাস্থ্যসেবা: কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল করে জরুরি স্বাস্থ্যসেবা জনসাধারণের জন্য সহজলভ্য করা।
৫। পরিচ্ছন্ন ইউনিয়ন: আধুনিক বর্জ্য অপসারণ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ইউনিয়ন গঠন।
৬। সামাজিক ন্যায়বিচার ও নিরাপত্তা: প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সামাজিক বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করা।
৭। অসহায় ও দুস্থদের সহায়তা: সরকারি সুবিধাগুলো স্বচ্ছতার সাথে প্রকৃত দুস্থ ও বয়স্কদের কাছে পৌঁছে দেওয়া এবং সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালী করা।
এছাড়া নান্দাইল ইউনিয়নের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করা এবং সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
নিজের প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকাবাসীর পরামর্শ ও ভালোবাসাকে তার সবচেয়ে বড় শক্তি হিসেবে অভিহিত করেন। মাওলানা নুরুল আমিন নিজেকে ইউনিয়নের ‘শাসক’ নয়, বরং একজন ‘সেবক’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আসুন, বিভেদ ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি আধুনিক, নিরাপদ ও স্বনির্ভর নান্দাইল ইউনিয়ন গড়ে তুলি”। তিনি তার সততা ও পরিশ্রমে এলাকাবাসীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে উন্নয়ন যাত্রায় সবাইকে পাশে থাকার অনুরোধ জানান।