
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ জেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ রবিবার (২৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় নগরীর দিঘারকান্দা এলাকায় দুটি ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নূরুল হুদা মনির। অভিযানের সময় সওদাগর ফিলিং স্টেশন এবং আজাদ ফিলিং স্টেশনে ব্যাপক তল্লাশি চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্টেশন দুটিতে অবৈধভাবে অতিরিক্ত পেট্রোল ও অকটেন মজুদের অভিযোগ থাকলেও বিস্তারিত অনুসন্ধানে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেওয়া হলেও তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অভিযানের আরেক অংশ হিসেবে দিঘারকান্দা বাইপাস এবং চরপাড়া এলাকায় যানজট নিরসন ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় অর্থদণ্ড প্রদান করে এবং সংশ্লিষ্ট পরিবহন চালক ও সহকারীদের ভাড়া নির্ধারণে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।