
টেকনাফ প্রতিনিধি//
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে ৬ মামলার আসামি ও ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধী হামিদ হোসেন (২৪) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত হামিদ হোসেন জাদিমুড়া (গোমতলী) এলাকার কুখ্যাত মোঃ ছালাম প্রকাশ ছালা’র ছেলে। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, বিস্ফোরক হামলা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১৮ সালের চকরিয়া থানার একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক থেকে সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।
র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হামিদ হোসেন জাদিমুড়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।