
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক নারীসহ দুই ভিকটিমকে নিখোঁজের দুই দিন পর উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় অপহরণকারী চক্রটি ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে বলে জানিয়েছে র্যাব।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন হলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মনোয়ারা বেগম (৪৫) ও শমসু আলম (৩৫)।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
র্যাবের তথ্যমতে, গত ৫ সেপ্টেম্বর ঈদগাঁও এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি)
করে এবং র্যাবের সহায়তা চায়।
পরে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র মনোয়ারা বেগমকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয় এবং বিকাশের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করে।
এরপর আরও টাকা দাবিতে অপহরণকারীরা ভিকটিমদের শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারের পর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈদগাঁও থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপহরণকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।