
টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর নাজির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. রিদোয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ ও র্যাব-১৫-এর যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশ ও র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানে ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে রিদোয়ানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিদোয়ান টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার মৃত কবির আহমদ প্রকাশ কবির মাঝির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকায় চাঁদা দাবির প্রতিবাদকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিবাদকারীদের রক্ষা করতে এগিয়ে এলে নাজির হোসেনের ওপর ধারালো অস্ত্র, কিরিচ ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণ অনুযায়ী, হামলার সময় রিদোয়ান তার হাতে থাকা লোহার রড দিয়ে নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় আঘাত করেন। অন্যান্য আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং বুকে-গলায় পা চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামি রিদোয়ানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে তিনি ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।
র্যাব-১৫ ও পুলিশ জানিয়েছে, মামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে।