
মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর বিজিবি ব্যটালিয়ন ব্যারাক থেকে এক বিজিবির নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিজিবি ব্যারাকের একটি শয়ন কক্ষ থেকে নায়েক আজিজুর রহমান নামে মরদেহটি উদ্ধার করে। ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন।
এদিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ব্যারাকের কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় সেখানে ঝুলন্ত রশি পাওয়া গেছে। সম্ভবত শুক্রবার রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে থাকতে পারে। বিজিবির পক্ষ থেকেও তার মানসিক অসুস্থতার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং সুষ্ঠু তদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।