
তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ কর্মসূচি পালন করেন ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
পথসভায় সভাপতিত্ব করেন সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন এমারত হোসেন বাবলু।সভায় বক্তারা অভিযোগ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র পরিপন্থী ও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে গঠন করা হয়েছে। তারা বলেন, “দলীয় আদর্শ ও নিয়মবিধি লঙ্ঘন করে গঠিত এই কমিটিকে মানি না, মানব না”—এই স্লোগানে তারা আন্দোলন চালিয়ে যাবেন।পথসভায় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজিবর রহমান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন মাস্টার, সাবেক সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, আলমগীর হোসেন, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন, সূত্রাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রমজান আলী খান রঞ্জু, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।