
সোহাগ হোসেন, সাতক্ষীরা
জনপ্রিয় স্যাটেলাইট ও অনলাইন সংবাদমাধ্যম ‘এন্টার টিভি নিউজ’-এর তালা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু রায়হান। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে সাতক্ষীরার তালা অঞ্চলের সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব প্রদান করা হয়।
পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তালা এলাকার জনদুর্ভোগ, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন বলে জানা গেছে।
নতুন এই দায়িত্ব প্রাপ্তি নিয়ে মো. আবু রায়হান বলেন, “সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার মূল নীতি বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করব। তালাবাসীর নানাবিধ সমস্যা ও সম্ভাবনার কথা দেশবাসীর সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।”
এদিকে মো. আবু রায়হানের এই নতুন পথচলায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আবু রায়হান একজন তরুণ, উদ্যমী ও প্রতিভাবান সংগঠক। আমাদের বিশ্বাস, সে তার মেধা ও সততা দিয়ে সাংবাদিকতা পেশায় অনন্য অবদান রাখবে এবং তালাই শুধু নয়, পুরো সাতক্ষীরা জেলার উন্নয়ন ও সম্ভাবনার কথা গণমাধ্যমে ফুটিয়ে তুলবে। আমরা তার পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”
তালা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার সাংবাদিকতা পেশার উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
উল্লেখ্য, মো. আবু রায়হান সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী।