
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীতে আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে জেলা প্রশাসনের উদ্যোগে জোরদার করা হয়েছে নজরদারি কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আজ (২৮ মার্চ) নগরীর মাসকান্দা বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফরহাদ উদ্দিন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জামিলুর রহমান। অভিযানের মূল লক্ষ্য ছিল ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধ করা এবং যাত্রীদের ভোগান্তি কমানো।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে। এ সময় সংশ্লিষ্ট বাস চালক, হেলপার এবং পরিবহন কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়। একইসঙ্গে যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে ফেরত প্রদান করা হয়। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধি পায়।
শুধু পরিবহন খাতেই নয়, একই দিনে নগরীর স্টার ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে সৃষ্ট অচলাবস্থাও প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমাধান করা হয়। এর ফলে যানবাহন চলাচলে সম্ভাব্য বিঘ্ন এড়ানো সম্ভব হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ঈদ মৌসুমজুড়ে অব্যাহত থাকবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তি সৃষ্টি কিংবা অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
ঈদযাত্রাকে নিরাপদ, সাশ্রয়ী ও স্বস্তিদায়ক করতে প্রশাসনের এই উদ্যোগকে সচেতন মহল ইতিবাচকভাবে দেখছে। যাত্রীদেরও অনিয়মের শিকার হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।