
শফিকুল ইসলাম, বরিশালঃ
ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফের ফাল্গুনের বার্ষিক মাহফিলের আখেরি মোনাজাতে আমিরুল মুজাহিদীন হজরত পীর ছাহেবের সাথে হাত তুলে আমিন আমিন ধ্বনিতে মুখরিত আকাশ-বাতাস। লাখো মুসল্লির উপস্থিতিতে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
আমিরুল মুজাহিদীন হজরত পীর ছাহেবের সাথে বুক ফাটা কান্না আর আহাজারি নিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে চরমোনাই দরবার শরিফের তিন দিনের ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হলো শনিবার (৪ এপ্রিল) সকালে।
বুধবার (১ এপ্রিল) বাদ জোহর পীর ছাহেবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে ফাল্গুনের এই বার্ষিক মাহফিলের সূচনা হয়। শনিবার সকাল ৮টার পরে পীর ছাহেবের বিদায়ী বয়ান শেষে আখেরি মোনাজাতে লাখ লাখ মুসল্লীয়ান ও মুরিদান পীর ছাহেবের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তোলেন।
বুক ফাটা কান্না আর আহাজারি নিয়ে সব পাপি-তাপিরা এই দরবারে এক সামিয়ানার নিচে সব ভেদাভেদ ভুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে জীবনের সব গুনাহ থেকে পানাহ চান। দীর্ঘ সময়ের এই দোয়া মোনাজাতে পীর ছাহেব তাঁর সব মুরিদানসহ সমগ্র মুসলিম জাহানের হেফাজতের জন্য দোয়া করেন।
মুসলিম বিশ্বের হেফাজতসহ ইহুদি ও কাফেরদের হাত থেকে মুসলিম উম্মাহকে রক্ষার জন্যও দোয়া করেন পীর ছাহেব চরমোনাই। ইসরাইল ও আমেরিকার আগ্রাসন থেকে ইরান ও ফিলিস্তিনসহ গোটা মুসলিম জাতিকে রক্ষার জন্য এই মাহফিলে দোয়া করেন সবাই।
বয়ান শেষে পীর ছাহেব চরমোনাই উপস্থিত মুসল্লীয়ানদের বিভিন্ন লিখিত প্রশ্নেরও জবাব দেন। এবারের ফাল্গুনের বার্ষিক মাহফিলে পীর ছাহেব চরমোনাই ও শায়েখে চরমোনাই ছাড়াও দেশের বিশিষ্ট ওলামা মাশায়েখ বৃন্দ সহ বিভিন্ন দরবারের পীর ছাহেবগণও ওয়াজ-নসিহত করেন।