
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তিকে আটক করেছে জেলা এনএসআই ও সদর থানা পুলিশের যৌথ দল।
আটক ব্যক্তির নাম নূরজ্জামান নূর আবু সালেহ। তিনি জেলার উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সামাদ সরকার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০১৬ সালে ‘Md. Jakirul Islam (Rahul)’ নামে এনএসআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র তৈরি করেন তিনি। পরবর্তী সময়ে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন দোকান থেকে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।