1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা মনে করছেন, পার্শ্ববর্তী দেশ থেকে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে ১৮ কোটি মানুষ তা মেনে নেবে। কিন্তু শহীদদের রক্তের দাগ মানুষ ভুলে যায়নি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা আবারও দেশে ফিরতে চান। তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করছেন এবং বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকেও দেশে ফেরার বিষয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের স্বজনেরা কি শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবেন? এত তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাদের রক্তের দাগ কি মাটি শুষে নিয়েছে? তা হয়নি। শেখ হাসিনা ভুলে গেলেও মানুষ কিছুই ভোলেনি।

বিএনপির এই নেতা আরও বলেন, মানুষ ভুল করলে পরে ক্ষমা চায়। কিন্তু এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশে ফিরে আবারও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। তবে দেশের মানুষ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার রয়েছে।

৭ নভেম্বরের চেতনার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এই চেতনা হচ্ছে অধিকার রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অত্যাচারী শাসনের পতনের চেতনা। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও এই চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park