
শাহিন আলম টেকনাফ //
টেকনাফের দমদমিয়া চেকপোস্টে যাত্রীবিহীন সিএনজি থেকে উদ্ধার হওয়া একটি ব্যাগ মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্যাগে থাকা নগদ টাকা, পরিচয়পত্র ও শিশুর কাপড়সহ মূল্যবান জিনিসপত্র অক্ষত অবস্থায় ফেরত পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন মালিক।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে টেকনাফ থেকে পালংখালীগামী একটি যাত্রীবিহীন সিএনজি (নং কক্সবাজার-থ-১১-৬৬৬১) তল্লাশির সময় ওই ব্যাগটি পাওয়া যায়। দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা সিএনজির পেছনের সিটে পড়ে থাকা ব্যাগটি দেখতে পান।
সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ করে বিজিবি সদস্যরা ধারণা করেন, কোনো যাত্রী ভুল করে ব্যাগটি ফেলে রেখে গেছেন। ব্যাগটি খুলে দেখা যায়, এর মধ্যে রয়েছে নগদ ৭ হাজার টাকা, দুটি চাবির ছড়া, শিশুর একটি পোশাক, একটি জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু ব্যক্তিগত সামগ্রী।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, মালিক খুঁজে বের করতে তাৎক্ষণিক উদ্যোগ নেন। বিজিবি সদস্যরা স্থানীয় সূত্র ও নিজস্ব তথ্যভাণ্ডার ব্যবহার করে মালিকের সন্ধানে অভিযান শুরু করেন। একাধিক জায়গায় অনুসন্ধান চালিয়ে তারা অবশেষে ব্যাগের প্রকৃত মালিক জুলেখা আক্তার (৪৪)-কে শনাক্ত করেন।
পরবর্তীতে দমদমিয়া চেকপোস্টে বিজিবির বিওপি কমান্ডারের উপস্থিতিতে ব্যাগটি মালিকের হাতে তুলে দেওয়া হয়।
ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত জুলেখা আক্তার বলেন, “আমি বিশ্বাসই করতে পারিনি ব্যাগটি ফিরে পাব। বিজিবির প্রতি আমি কৃতজ্ঞ। তারা শুধু সীমান্ত রক্ষা নয়, আমাদের নিরাপত্তা ও সহায়তার ক্ষেত্রেও এগিয়ে।”
২ বিজিবি অধিনায়ক আশিকুর রহমান আরো বলেন, “এ ধরনের সততা ও দায়িত্বশীলতা বিজিবির একটি গর্বের ঐতিহ্য। আমরা চাই, জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা ও মানবিক সহায়তা একত্রে নিশ্চিত করতে।