
বেলকুচি উপজেলা প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পূর্ব পাশে সরকারি জায়গায় থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও গালর্স স্কুলের গলি থেকে ঢাকা ব্যাংক পর্যন্ত অস্থায়ী কাঁচা মালের দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেলকুচি পৌর মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৩০ আগস্টে উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী কাঁচা মালের দোকান অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের পর উচ্ছেদ অভিযানের আগের দিন মুকুন্দগাঁতী এলাকায় মাইকিং করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়। কিন্তু অবৈধভাবে দোকানপাট সরিয়ে না নেওয়ার কারণে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, জনস্বার্থে এবং যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।