
মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ, মেধার বিকাশ ও বিদ্যালয়মুখী করতে নতুন উদ্যোগ নিয়েছেন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাঁর উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে নতুন ধারার কুপনভিত্তিক মিড ডে মিল কর্মসূচি। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে নির্ধারিত ৩৫ টাকার মধ্যে নিজেদের পছন্দমতো খাবার সংগ্রহ করতে পারবে। সারা দেশের আটটি বিভাগের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রংপুর বিভাগের নির্বাচিত বিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সারা দেশের সাথে আনুষ্ঠানিকভাবে এ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। কুপন বিতরণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন।
নতুন এ পদ্ধতিতে প্রত্যেক শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছ থেকে একটি করে কুপন পাবে। সেই কুপনের মাধ্যমে খাবার সরবরাহের নির্ধারিত স্থান থেকে সর্বোচ্চ ৩৫ টাকার মধ্যে নিজের পছন্দ অনুযায়ী খাবার সংগ্রহ করতে পারবে। খাবারের তালিকায় রয়েছে সিদ্ধ ডিম, কলা, খেজুর, বাদাম, কিসমিস, রুটি, বিস্কুট ও ড্রাই কেকসহ আট ধরনের খাবার। ফলে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবার বেছে নেওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, বিরামপুর উপজেলার মোট ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৫টিতে প্রচলিত পদ্ধতিতে মিড ডে মিল কার্যক্রম পরিচালিত হবে। আর পাইলট প্রকল্পের আওতায় ব্যতিক্রমী কুপন পদ্ধতিতে খাবার বিতরণ করা হবে শুধু শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টিতে বর্তমানে মোট শিক্ষার্থী ১৮১ জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ রুনা লায়লা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুরি এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কবির রেজা, ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান, সহসভাপতি সানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ ও নাজিমুদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া এ কর্মসূচি প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলেই হবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করাও জরুরি। কুপন পদ্ধতিতে নিজের পছন্দমতো খাবার বেছে নেওয়ার সুযোগ শিশুদের মধ্যে আগ্রহ ও আনন্দ তৈরি করবে। পাশাপাশি তাদের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে।
তাঁরা আরও বলেন, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কর্মসূচি সম্প্রসারণের পথ তৈরি হবে এবং সুস্থ, মেধাবী ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে।
এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির সদস্যরা রংপুর বিভাগের নির্বাচিত বিদ্যালয়গুলোর মধ্যে শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করায় সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
প্রাথমিক শিক্ষা প্রশাসন ও উপজেলা প্রশাসন, বিরামপুর, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।