
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
“সবার আগে বাংলাদেশ, সবুজ শ্যামল পরিবেশ”—এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিডি ক্লিন, শিক্ষার্থী সমিতি ও শতায়ু ফিটনেস ক্লাবের যৌথ আয়োজনে পৌর পার্ক থেকে পাঁচবিবি রেলস্টেশন পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়।
অভিযানের উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। উদ্বোধন শেষে তিনি নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় আয়োজক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের প্রধান জেলা উপদেষ্টা জয়নাল আবেদীন, জেলার প্রধান সমন্বয়ক রাকিব, শিক্ষার্থী সমিতির সভাপতি সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, দারুল ইসলাম একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার, শতায়ু ফিটনেস ক্লাবের সদস্যসচিব অধ্যাপক শাহজাহান আলী, সহকারী অধ্যাপক ইমরান হোসেন, সেনা কর্মকর্তা মিজানুর রহমান, পশুচিকিৎসক ডা. মাহবুব আলম, রঙ্গন গ্র্যান্ড হাউজের স্বত্বাধিকারী তারেক রহমান ও মুরাদ হোসেনসহ বিডি ক্লিনের সদস্যবৃন্দ।
এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মানসিকতা তৈরি এবং পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।