
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
মা ইলিশ রক্ষা অভিযানের ২০তম দিনে রাজশাহীর চারঘাটে পদ্মা-বড়ালমুখে যৌথ অভিযান চালিয়ে একটি সুতিজাল উচ্ছেদ এবং ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় মা ইলিশ রক্ষা অভিযানের ২০তম দিনে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চারঘাট নৌ-পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান ও চারঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা-বড়াল নদীতে মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে নদীতে স্থাপন করা একটি সুতিজাল উচ্ছেদ করা হয়। এ ছাড়া ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, সুতিজাল ও চায়না দুয়ারি জাল মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০-এর আওতায় নিষিদ্ধ জাল হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।