
সিরাজগঞ্জ জেলায় পেট্রোল ও অকটেন সংগ্রহে নতুন নিয়ম চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে জ্বালানি নিতে হলে বাধ্যতামূলকভাবে ফুয়েল কার্ড ব্যবহার করতে হবে।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফুয়েল কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং তা জেলা প্রশাসকের কার্যালয় কিংবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
সিরাজগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার যানবাহনের জন্য ৩০ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে কার্ড সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, জেলার বাকি উপজেলার যানবাহন মালিকদের নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফুয়েল কার্ড নিতে বলা হয়েছে।
জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো পেট্রোল বা অকটেন বিক্রি করা হবে না। ফুয়েল কার্ডে ব্যবহারের বিস্তারিত শর্তাবলী উল্লেখ থাকবে।
সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ করে নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।