
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি
চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পরীক্ষার্থীদের স্বার্থে রাতের বেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জোরালোভাবে উঠেছে।
অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ পরীক্ষার্থী দিনের ব্যস্ততা শেষে রাতে দীর্ঘ সময় ধরে পড়াশোনায় মনোনিবেশ করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট তাদের প্রস্তুতিতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে মানসিক চাপ ও অনিশ্চয়তা।
স্থানীয় একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সন্তানরা গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। এটি তাদের ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।”
এদিকে শিক্ষকরাও মনে করছেন, রাতের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারবে এবং তাদের ফলাফলও ইতিবাচক হবে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর শাহজাদপুর জোনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা অন্তত পরীক্ষা চলাকালীন সময় রাতের বেলায় লোডশেডিং বন্ধ রাখার দাবি জানান।
সচেতন মহলের মতে, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা শুধু শিক্ষার্থীদের স্বার্থেই নয়, বরং একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও অত্যন্ত জরুরি।
বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগের দিকেই তাকিয়ে রয়েছে পুরো শাহজাদপুরবাসী।