
খুকৃবি প্রতিনিধি
সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপাচার্য বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে ক্যাম্পাসটি একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক রূপ লাভ করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারের নির্বাচনী ইশতেহারের ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ অধ্যায়ের অঙ্গীকার অনুযায়ী দেশজুড়ে ২৫ কোটি গাছের চারা রোপণ, ১০ হাজার নার্সারি উদ্যোক্তা তৈরি এবং এর মাধ্যমে মোট ছয় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সাথে সংহতি জানিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এই সবুজ উদ্যোগ গ্রহণ করেছে।