
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধানদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক পোস্টার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পোস্টার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। এ সময় তিনি প্রতিষ্ঠান প্রধানদের পোস্টারগুলো শ্রেণিকক্ষের দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা দেন। পাশাপাশি পাঠ্যপুস্তকের পাঠদানের পাশাপাশি পোস্টারে উল্লেখিত তথ্যের মাধ্যমে শিক্ষার্থীদের মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।
ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, “মাদক দেশ, সমাজ ও পরিবারের সবচেয়ে বড় শত্রু। তরুণ প্রজন্মকে এখনই মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে।
শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
পোস্টার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান এবং উপজেলার বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধানগণ।