
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আয়মারসুলপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী সমাজ হিসেবে গড়ে তুলতে স্থানীয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা হামিদুর রহমান।
রোববার বিকেলে রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্থানীয় যুবকদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় তিনি বলেন, অবসর সময়ে যুবকরা খেলাধুলায় ব্যস্ত থাকলে তারা মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আয়মারসুলপুর গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি গ্রামে খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।”
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হযরত আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু আহম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও তরুণরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতির পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হামিদুর রহমানের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। এ ধরনের কার্যক্রম তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান যুবকদের নিয়মিত ফুটবল খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলার আহ্বান জানান।