
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।
অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো—পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কুলিপট্টি দুর্গামন্দিরে ২০ হাজার টাকা, পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে ৩০ হাজার টাকা, ৩ নম্বর ওয়ার্ডের উপজেলা শিবমন্দিরে ৫০ হাজার টাকা, ৫ নম্বর ওয়ার্ডের দমদমা শ্রীশ্রী জয়কালী মন্দিরে ২০ হাজার টাকা, শ্রীশ্রী মা মাউরীতলা কালীমন্দিরে ২০ হাজার টাকা এবং দমদমা শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ২০ হাজার টাকা।
মন্দির পরিদর্শনকালে শামীম হোসেন মন্ডল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।