
মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বাসের ধাক্কায় সাগর হোসেন (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্যামনগর-কালীগঞ্জ মহাসড়কের বংশীপুর লস্কর পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যানচালক ও দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ ভোরে সাগর হোসেন নিজের ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে কাজের উদ্দেশ্যে বের হন। সকাল সাড়ে ছয়টার দিকে বংশীপুর লস্কর পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী লোকাল বাস ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে সামনে থেকে জোরালো ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাগর সড়কে ছিটকে পড়েন। মাথায় ও বুকে গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক ও সহকারী পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পাটোয়ারী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।