
তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি
বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে দিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা। চীনের ঐতিহ্যবাহী ইউনান কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের এই সফরের মূল লক্ষ্য ছিল—দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা।
খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমস (কাউরেস)-এর সার্বিক ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সফররত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। চীনা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউনান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত অধ্যাপক ড. লু ফেং ও অধ্যাপক ড. ইয়ান ঝাং। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খুকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত, অকৃত্রিম ও নির্ভরযোগ্য বন্ধু। শিক্ষা, বিজ্ঞান, কৃষি ও মৎস্যসহ নানা সম্ভাবনাময় খাতে প্রযুক্তি হস্তান্তরের বিপুল সুযোগ রয়েছে।” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন-বাংলাদেশ সম্পর্ক বিষয়ক দূরদর্শী ভাবনার কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বক্তব্যের একপর্যায়ে উপাচার্য ইউনান কৃষি বিশ্ববিদ্যালয়ে খুকৃবির অন্তত পাঁচজন মেধাবী শিক্ষার্থীর স্নাতকোত্তর (Master’s) পর্যায়ে অধ্যয়নের বিশেষ সুযোগ সৃষ্টির উদ্যোগ নিতে প্রতিনিধিদলকে অনুরোধ জানান।
আলোচনায় অংশ নিয়ে ইউনান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লু ফেং দুই দেশের সীমান্তপার অর্থনৈতিক সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং কৃষিপ্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অপরদিকে, অধ্যাপক ড. ওয়াং ইয়ান বাংলাদেশে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং খুকৃবির সাথে যৌথ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা ও একাডেমিক আদান-প্রদানে গভীর আগ্রহ দেখান।
কাউরেসের সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন খুকৃবির ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং স্বাগত বক্তব্য দেন কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান।