
মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক দুর্ঘটনা মোকাবেলায় সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় এই মহড়ার আয়োজন করা হয়। দুর্যোগকালীন সময়ে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদ আশ্রয় নিতে হবে, তা বাস্তবমুখী প্রদর্শনী ও কলাকৌশলের মাধ্যমে উপস্থিত সবার সামনে তুলে ধরা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল অগ্নিকাণ্ড নির্বাপণের বিভিন্ন উপায়, বহুতল ভবন থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার এবং ভূমিকম্পের সময় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন।
উক্ত সচেতনতামূলক মহড়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষকে আরও বেশি দক্ষ ও সচেতন করতে এই ধরণের মহড়া অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।