
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে ব্যাটারি চালিত টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বড় মহেশখালী সমবায় সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চকরিয়া থেকে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন মহেশখালীতে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে ফেরার পথে বড় মহেশখালী সমবায় সমিতির সামনে পৌঁছালে একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার বাসিন্দা। তিনি ইলিয়াসের ছেলে এবং পেশায় প্রবাসী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ফয়সাল দীর্ঘ ১৯ বছর পর ছুটিতে দেশে ফিরেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।