
আব্দুল হাকিম সবুজ
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে জমি ও রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি (১ নম্বর আসামি)-লিয়াকত কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুর মডেল থানা এলাকার এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক প্রযুক্তির সহায়তায় রাজারহাট থানার চৌকস পুলিশ উপ পরিদর্শক (এসআই)আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে একটি পুলিশের টিম অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা আসামি কে গ্রেফতার করতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানা গেছে,
বেশ কিছুদিন ধরে উমর মজিদ ইউনিয়নে চলাচলের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল।
উক্ত বিরোধের জের ধরে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটে।
এই সংঘর্ষে জাহেদুল ইসলাম জিন্নাত (৪৫) গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যেখানে গ্রেপ্তারকৃত আসামিকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছিল।
ঘটনার পর থেকেই ১ নম্বর আসামি এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিল।
রাজারহাট থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। শ্রীপুর মডেল থানা পুলিশের সহায়তায় অবশেষে তাকে গত ৩০ জুলাই দিবাগত রাতে গ্রেপ্তার করতে সক্ষম হওয়া গেছে।
মার্ডার মামলার ১ নম্বর আসামিকে গাজীপুর থেকে কুড়িগ্রামে নিয়ে আসা হয়েছে, দ্রুতই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদনও করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রাজারহাট থানা পুলিশ।