
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনের অভিযোগে একটি প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ট্রাঙ্কের সাইড কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও মালিক ওমর ফারুক রাসেল (৪১)-কে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার চান্দিরপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্মার্ট ঘড়ি এবং নগদ ২ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৬৮০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।