
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান, রোগীদের চিকিৎসা সুবিধা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
রবিবার কার্যদিবসের প্রথমভাগে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পালের সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তঃবিভাগের ওয়ার্ডসহ হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন ইউএনও। তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনার পাশাপাশি সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, “সাধারণ মানুষ যেন মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সেবার গুণগত মান বজায় রাখা এবং বিদ্যমান যেকোনো সমস্যা বা সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।