
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিদিধি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র কাছারি বাড়ি-এ চলছে ব্যাপক প্রস্তুতি। বাংলা ২৫ বৈশাখকে ঘিরে পুরো কাছারি বাড়ি প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তিনদিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে জেলা ও উপজেলা প্রশাসনসহ রবীন্দ্র অনুরাগীরা।
ইতোমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে কাছারি বাড়ি ও অডিটোরিয়ামের সংস্কার কাজ। চলছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও সাজসজ্জা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। প্রতিদিনই কাছারি বাড়ি প্রাঙ্গণে চলছে গান, নৃত্য ও গীতিনাট্যের মহড়া। উৎসবকে কেন্দ্র করে বাড়ছে দর্শনার্থীদের ভিড়ও।
এক সময় রানী ভবানীর জমিদারির অংশ ছিল শাহজাদপুর। ১৮৪০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই জমিদারি ক্রয় করেন। ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির জন্য নিয়মিত শাহজাদপুরে আসতেন কবিগুরু। এই কাছারি বাড়িতেই বসে তিনি রচনা করেন ‘সোনার তরী’, ‘চৈতালী’, ‘কল্পনা’, ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’, ‘সমাপ্তি’ ও ‘ক্ষুধিত পাষাণ’-এর মতো কালজয়ী সাহিত্যকর্ম।
রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার জানান, উৎসব সফল করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সংস্কার কাজ শেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মিউজিয়ামও।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, আগামী ৮, ৯ ও ১০ মে (২৫, ২৬ ও ২৭ বৈশাখ) তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রবীন্দ্র মেলা। দেশ-বিদেশ থেকে আগত রবীন্দ্র অনুরাগীদের আগমনকে সামনে রেখে নেয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।
আগামী ৮ মে বাংলা ২৫ বৈশাখ রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. এম এ মুহিত।