
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজ এলাকায় বজ্রপাতে রমিজ উদ্দিন নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে।
২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০:৩০ ঘটিকার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রমিজ উদ্দিন জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা (বটতলী পাড়া) এলাকার নিবাসী অছিউর রহমানের ৪র্থ পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে তিনি চৌফলদন্ডী ব্রীজ এলাকায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে একটি বজ্রাঘাত সরাসরি তার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শী তানজিদ জানান, তিনি ঘটনাস্থলে এসে একজন ব্যক্তিকে বজ্রপাতে নিহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, লবণের মাঠ থেকে ব্রিজে আসার সময়ই ওই ব্যক্তি বজ্রাঘাতে নিহত হন।
চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, স্থানীয়রা বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।