
মো:কোরবান আলী রিপন,উল্লাপাড়া সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে একটি নীল রঙের ছোট পিকআপ গাড়ি। পুলিশের এ অভিযানে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামলীপাড়া বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এসময় ইয়ামাহা শোরুমের সামনে সন্দেহজনকভাবে চলাচলরত একটি ছোট পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ি থেকে সর্বমোট ১২০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—উদ্ধার হওয়া জ্বালানি তেল অবৈধভাবে পরিবহন ও মজুতের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকেই একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, জ্বালানি তেলের অবৈধ ব্যবসা, পাচার ও কালোবাজারির সঙ্গে জড়িত চক্রকে শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত পিকআপ গাড়িটি থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুত কিংবা পাচার কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে জেলা জুড়ে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।