
বেবি চক্রবর্ত্তী:হুগলী:– ১৯৯৩ সালের ২১ জুলাই, কলকাতায় ভোটার সচিত্র পরিচয়ের দাবিতে তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩ জন তরুণ। সেই ঘটনার স্মরণে প্রতিবছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আসন্ন ২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ধনেখালি বিধানসভার অন্তর্গত মান্দারা অঞ্চলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। মান্দারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা দীনবন্ধু ঘোষ, মোহন সিংহ রায়, ধনেখালি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন ঘোষ সহ শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক।
সভায় নেতৃবৃন্দ একে একে বক্তব্য রাখেন ও শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। মোহন সিংহ রায় বলেন, “২১ জুলাই শুধুমাত্র একটি দিন নয়, এটি গণতন্ত্র রক্ষার লড়াইয়ের প্রতীক। আমাদের শহীদরা যে ত্যাগ স্বীকার করেছিলেন, আমরা তা কোনদিন ভুলবো না।”
তৃণমূল নেতা দীনবন্ধু ঘোষ জানান, “এই শহীদ দিবস আমাদের দলের আদর্শের ভিত্তি। আগামী ২১ জুলাই রেড রোডে ঐতিহাসিক সমাবেশ সফল করতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
সভার শেষে দলীয় কর্মীদের উদ্দীপনা ও সক্রিয় অংশগ্রহণে নেতারা সন্তোষ প্রকাশ করেন এবং শহীদ দিবসকে ঘিরে সমস্ত প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান।