
স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০০ পিস ভারতীয় ইয়াবাসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে, ০১ এপ্রিল মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপি এবং বাকাল চেকপোষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০০ পিস ভারতীয় ইয়াবাসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী নামক স্থান হতে ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।
ভোমরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৩ ও ৪ এস হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোষপাড়া নামক স্থান হতে ৫৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বাকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে বাকাল তেতুলতলা নামক স্থান হতে ১৭,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ ও ৭ আরবি হতে আনুমানিক ৩০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরাগাছি ও ভাদিয়ালী নামক স্থান হতে ৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।
সর্বমোট ৪,৪৬,৫০০/- (চার লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।