
জয়পুরহাট–১ আসনে পঞ্চান্ন বছরের রেকর্ড ভেঙে দাঁড়িপাল্লার ঐতিহাসিক বিজয়
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪, জয়পুরহাট–১ আসন-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফজলুর রহমান সাঈদ দাঁড়িপাল্লা প্রতীকে ১,৬৩,৮৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধানকে পরাজিত করেন। মাসুদ রানা প্রধান পেয়েছেন ১,৫৪,৮৩৫ ভোট। ফলে প্রায় নয় হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ড. সাঈদ।
ফলাফল ঘোষণার পর প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এ আসনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী বিজয় লাভ করলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিজয়ী প্রার্থী ড. ফজলুর রহমান সাঈদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এই বিজয় জয়পুরহাটবাসীর। আমি সকল শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চাই।”
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, জয়পুরহাট–১ আসন (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) জেলার একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনে এ আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।