
শাহিন আলম টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানার সাবরাং কাটাবুনিয়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হন।
পরে তাদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা।
এ ঘটনায় জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।