
শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় এ অভিযান পরিচালনা করা হয়। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ বিশেষ এ অভিযান পরিচালনা করে।
শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জন জেলেকে আটক করা হয়।
জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।