
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত ২৭ আগস্ট ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে এ দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি আইন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়। একই প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শনিবার (২৯ আগস্ট) দুপুরে অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন বলেন, “সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। একজন সরকারি আইন কর্মকর্তা হিসেবে আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আইন ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই।”
অ্যাডভোকেট কিরন জানান, গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি আইন কর্মকর্তাদের নতুন নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এদিকে, এপিপি হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন তার নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উল্লাপাড়ার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
নতুন এ দায়িত্বকে তিনি পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থীদের অধিকার রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে তার অঙ্গীকার।
তার নিয়োগের খবর ছড়িয়ে পড়লে আইনজীবী সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। নবনিযুক্ত এপিপি অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরনের সফলতা ও দায়িত্বশীল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।