
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করেছে রেলওয়ে পুলিশ। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেপ্তারের আগে তাঁর নাম প্রকাশ করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, “আমরা ছিনতাইকারীকে শনাক্ত করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আপাতত তাঁর নাম প্রকাশ করছি না।”
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর দিবাগত রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এক নারী যাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। ব্যাগে একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিল। সব মিলিয়ে প্রায় ২২ হাজার ৩০০ টাকার মালামাল খোয়া যায়।
ভুক্তভোগী স্বর্ণা আক্তার (২৬) টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন। জামতৈল স্টেশনে ট্রেনটি থামার পর ছেড়ে যেতে শুরু করলে ওই ব্যক্তি তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যান। ছিনতাইয়ের ঘটনাটি ভিডিওতে ধারণ হয়, যা পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ২০ অক্টোবর দুপুরে স্বর্ণা আক্তারের ভাই রাকিবুল হাসান বাদী হয়ে মামলা করেন। ভিডিওটি নজরে আসার পর তদন্ত শুরু করে রেলওয়ে পুলিশ। পরে ভিডিও ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ প্রায় ৯ থেকে ১০টি মামলা রয়েছে বলেও পুলিশের দাবি।
এদিকে, জামতৈল রেলওয়ে স্টেশনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্টেশন ইনচার্জ আবু হান্নান। তিনি বলেন, স্টেশনে দায়িত্ব পালনকারী কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। জনবলসংকটের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
আবু হান্নান জানান, প্রতি শিফটে চারজন করে কর্মী দায়িত্ব পালন করেন। বিশেষ করে রাতে দায়িত্ব পালনের সময় তাঁদের চাপের মধ্যে থাকতে হয়। স্টেশনে নিয়মিত রেলওয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন।
গত ছয় মাস থেকে এক বছরে স্টেশনটিতে কতটি চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে পারেননি স্টেশন ইনচার্জ। তবে তাঁর আনুমানিক হিসাব অনুযায়ী, এ সময়ে ৫০ থেকে ৬০টির বেশি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকতে পারে।