
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ", এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর-২৬ইং) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণে র সনদপত্র বিতরণ, সম্মাননা প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা শারমিনের সভাপতিত্বে এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সাইদুল শেখের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম শেখ রেজা, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা শারমিন বলেন, তারুণ্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তরুণেরা নিজেদের উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এজন্য প্রত্যেক তরুণকে আত্মমর্যাদাশীল, আত্ম নির্ভরশীল ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং আত্ম নির্ভরশীলতার মাধ্যমে ব্যক্তির আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। তরুণদের উৎসাহিত করে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা অর্জন, আত্মকর্ম সংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে দেশের অন্যতম সম্পদে পরিণত করতে হবে। তরুণদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা তরুণ-তরুণীদের মধ্যে প্রশিক্ষণের সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করেন। এ ছাড়া প্রশিক্ষিত ও আত্মকর্ম সংস্থানে আগ্রহী যুবকদের মধ্য থেকে বাছাই করা পাঁচজন তরুণ-তরুণীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়েছে।