মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিদিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে তাসলিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাসলিমা খাতুন বৃ-আঙ্গারু গ্রামের মোঃ উজ্জল মিয়ার স্ত্রী, তিনি দুই সন্তানের জননী ছিলেন। আজ বুধবার (১৩ মে) ভোরে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। পরিবারের সদস্যদের দাবি স্বামী দ্বিতীয় বিয়ের বিষয় নিয়ে কথা বলায় তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। পরে রাতেই তারা ঘুমিয়ে পড়েন।
নিহতের ননদ বৃষ্টি মনি (১৪) জানান, বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে তিনি ঘরের টিনের দরজা খুলে দুচালা টিনের ঘরের ভেতরে বাঁশের ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমাকে ঝুলন্ত দেখতে পান। ঘটনার পর থেকেই স্বামী ও শশুর শাশুড়ি পলাতক রয়েছে।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নাজমুল কাদের।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।